সোমবার, ২৯ জুন ২০২৬ , ০৬:০৫ পিএম
সুন্দরবন উপকূল সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।
সোমবার (২৯ জুন) সকালে উপজেলার নীলডুমুর ঘাটে দোকান থেকে স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করে বন বিভাগ।
হার্ডওয়্যার ব্যবসায়ী হারুন জানান, দোকান খুলতে গেলে দোকানের ভেতরে একটি বিশাল অজগর সাপ দেখতে পান। পরে বনবিভাগকে খবর দেওয়া হলে বনকর্মীরা ও সিপিজি সদস্যরা সাপটি উদ্ধার করেন।
জনবহুল এলাকায় এত বড় অজগর সাপ আগে কখনো দেখা যায়নি। সাপটি দোকানের ভেতরে কীভাবে প্রবেশ করেছে তা বুঝতে পারছেন না বলেও জানান হারুন।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ফরেস্টার ইরফান উদ্দিন জানান, উদ্ধার করা অজগরটি সুস্থ স্বাভাবিক রয়েছে। সতর্কতার সঙ্গে উদ্ধার করে সাপটি কলাগাছিয়া ফাঁড়িতে রাখা হয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে সুন্দরবনের কলাগাছিয়া এলাকায় অবমুক্ত করা হয়েছে।

যেখান থেকে উদ্ধার করা হয়েছে তার পাশেই খোলপেটুয়া নদী। ধারণা করা হচ্ছে, সুন্দরবন থেকে নদীতে জোয়ারে ভেসে এসে নদীর পাশে থাকা দোকানটিতে আশ্রয় নেয় অজগর সাপটি।
আরটিভি/এমএ