images

দেশজুড়ে

নিখোঁজের ৩ দিন পর কাশবনে মিলল শিশুর পচাগলা মরদেহ

সোমবার, ২৯ জুন ২০২৬ , ০৬:২৬ পিএম

ফরিদপুরের সদরপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর একটি কাশবন থেকে আট বছর বয়সী এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের তীরবর্তী একটি কাশবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম শাহাদাত হোসেন (৮)। সে উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের চন্দ্রপাড়া পুরাতন ঘাট এলাকার আবদুর রশিদের ছেলে এবং হানিফ হাজীর ডাঙ্গী কওমি মাদরাসার ছাত্র ছিল।

স্থানীয়রা এ ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৬ জুন) চন্দ্রপাড়া দরবার সংলগ্ন ট্রলারঘাটে মহররম উপলক্ষে আয়োজিত মেলায় ঘুরতে গিয়ে শাহাদাত নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে মাইকিংসহ ব্যাপক খোঁজাখুঁজি চালালেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে সোমবার দুপুরে মেলায় থাকা একটি দোলনার কর্মচারী ইয়াছিন (১৮) নিহত শিশুর বোন রওশনারাকে ফোন করে মরদেহের অবস্থান সম্পর্কে জানায়। তার দেওয়া তথ্য অনুযায়ী পরিবারের সদস্যরা কাশবনে গিয়ে মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। ঘটনার পর থেকেই ইয়াছিন পলাতক রয়েছেন।

আরও পড়ুন
Web-Image---Copy

পরকীয়ার জেরে স্বামীকে গলা কেটে হত্যা, চাপাতি-ছুরিসহ স্ত্রী গ্রেপ্তার

এদিকে ঘটনার পর স্থানীয়রা মেলার ওই দোলনার মালিকসহ কয়েকজন কর্মচারীকে আটক করে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এরা হলেন— শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মদনতালুকদার কান্দি গ্রামের দেলোয়ার বেপারী, ঝিনাইদহ সদর উপজেলার নারানপুর গ্রামের রিয়াজ, মাগুরার মোহাম্মদপুর উপজেলার রাজাপুর গ্রামের তামিম মোল্যা, ঝিনাইদহ জেলার হাটগোপালপুর এলাকার জিহাদ মাহমুদ এবং ঝিনাইদহ সদর উপজেলার খোদাবাকরি গ্রামের শাকিল ইসলাম।

খবর পেয়ে ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউন দীপু ও সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

আরটিভি/এমএইচজে