images

দেশজুড়ে

সংঘর্ষে ডুবে গেল পাথরবোঝাই লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১১:৩১ এএম

চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুটি লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এমভি বে হারবার-২ নামে একটি পাথরবোঝাই লাইটার জাহাজ ডুবে গেছে। 

সোমবার (২৯ জুন) দিবাগত রাত ৩টার দিকে বন্দর চ্যানেলের ২ ও ৩ নম্বর বয়ার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

বন্দর ও কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, রাতে ঘন কুয়াশার কারণে বিপরীত দিক থেকে আসা অন্য একটি জাহাজের সঙ্গে ‘এমভি বে হারবার-২’-এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহাজটির খোল ফেটে গিয়ে দ্রুত পানি ঢুকতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই সেটি ডুবে যায়।

দুর্ঘটনার পরপরই জাহাজের ১২ জন নাবিক উত্তাল সাগরে তলিয়ে যান। খবর পেয়ে কোস্ট গার্ড পূর্ব জোনের একটি উদ্ধারকারী দল মেটাল শার্ক ও বিশেষ উদ্ধারকারী বোট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।  তারা তাৎক্ষণিক অভিযান চালিয়ে সমুদ্রের বুক থেকে ৮ জন নাবিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে তীব্র স্রোতের কারণে বাকি ৪ জন নাবিক মূল দুর্ঘটনাস্থল থেকে ভেসে যান।  

আরও পড়ুন
Web-Image11

নারকেল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

পরবর্তী সময়ে প্রায় কয়েক কিলোমিটার দূরে আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকত এলাকায় তারা ভেসে উঠলে স্থানীয় জেলেরা ও সৈকতে থাকা লোকজন তাদের নিরাপদে উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. নাছির উদ্দিন বলেন, পাথরবোঝাই লাইটার জাহাজটি ডুবে গেলেও চট্টগ্রাম বন্দরের মূল চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত জাহাজটি মূল চ্যানেল থেকে কিছুটা দূরে ডুবে যাওয়ায় অন্য কোনো বড় জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে না। তবে নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং দুর্ঘটনাস্থলে লাল বয়া বসানোর প্রক্রিয়া চলছে। 
তিনি আরও বলেন, বর্তমানে উদ্ধারকৃত সব নাবিক সুস্থ ও নিরাপদ রয়েছেন। জাহাজটি উদ্ধারে পরবর্তী আইনি ও কারিগরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরটিভি/আইএম