মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১১:৫৮ এএম
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রায় এক মণ ওজনের দুটি বিশালাকৃতির কাঁঠাল নিয়ে এলাকাজুড়ে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিক্রির জন্য আনা কাঁঠাল দুটি দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয় মানুষ। অনেকেই কাঁঠাল দুটির সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।
জানা গেছে, আলমডাঙ্গার পুরাতন সাদাব্রিজ এলাকায় প্রদর্শিত কাঁঠাল দুটির মধ্যে একটির ওজন ৪১ কেজি এবং অপরটির ওজন ৩২ কেজি। আসাননগর গ্রামের কাঁঠাল ব্যবসায়ী রেজা জানান, ব্যবসায়িক জীবনে এবারই তিনি সবচেয়ে বড় আকৃতির কাঁঠাল বাজারে এনেছেন।
এত বড় আকারের কাঁঠাল পেয়ে উচ্ছ্বসিত রেজা বলেন, সাধারণত বাজারে এমন বড় আকৃতির কাঁঠাল খুব কম দেখা যায়। তাই এই কাঁঠাল নিয়ে আমিও বেশ আনন্দিত।
বিক্রির জন্য ৪১ কেজি ওজনের কাঁঠালটির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা। আর ৩২ কেজি ওজনের কাঁঠালটির দাম রাখা হয়েছে ১ হাজার টাকা।
স্থানীয় বাসিন্দারা জানান, এত বড় আকৃতির কাঁঠাল এলাকায় খুব একটা দেখা যায় না। ফলে কাঁঠাল দুটি এখন আলমডাঙ্গায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।
আরটিভি/টিআর