images

দেশজুড়ে

সড়ক অবরোধ করে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ০১:৩৯ পিএম

সুনামগঞ্জ মেডিকেল কলেজের হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় শিক্ষার্থীরা প্রথমে ক্লাস বর্জন করেন। পরে মেডিকেল কলেজের সামনে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা সড়কে বাঁশ, চেয়ার ও বেঞ্চ ফেলে যান চলাচল বন্ধ করে দেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং অনেক যানবাহন আটকা পড়ে। পরে জনদুর্ভোগের কথা বিবেচনা করে দুপুর ১২টায় তারা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

এ সময় বক্তব্য দেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী সাইদুল ইসলাম সাকিব, পিয়াস চন্দ্র দাস, আজহারুল ইসলাম, ফয়সাল বাদশা, তানভীর আহমেদ, আব্দুল্লাহ আল নোমান, শীর্ষেন্দু বিশ্বাস রোহান এবং কে এম সাজিদ।

বক্তারা বলেন, প্রথমে ২০২৪ সালের ২৪ জুন এবং পরে দ্বিতীয় দফায় ২০২৫ সালের অক্টোবরে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর ঘোষণা দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। ২০২৬ সালে এসেও নানা অজুহাতে হাসপাতাল চালু করা হচ্ছে না। তাদের দাবি, কর্তৃপক্ষের উদ্যোগে কুষ্টিয়া মেডিকেল কলেজ তিন মাসের মধ্যে চালু করা সম্ভব হলে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এত বছরেও কেন চালু করা যাচ্ছে না, সেটির জবাব দিতে হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, বারবার আশ্বাস পেলেও বাস্তব অগ্রগতি না হওয়ায় তারা হতাশ। তাই সরকারের কাছ থেকে হাসপাতাল চালুর একটি লিখিত রোডম্যাপ চান তারা। লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলেও ঘোষণা দেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, হাসপাতাল চালুসহ বিভিন্ন দাবি আদায়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা গত ২১ জুন থেকে লাগাতার ক্লাস বর্জন করে বিক্ষোভ, মানববন্ধন, সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

আরটিভি/টিআর