মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ০২:৫৭ পিএম
বরিশালে ইয়াবাসহ আটক এক যুবকের গায়ে থাকা আর্জেন্টিনার জার্সি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে বদলে দিয়েছে পুলিশ। আসল ছবি বিকৃত করে সেখানে ব্রাজিলের জার্সি বসিয়ে দেওয়ার এই অভিযোগ উঠেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া উইংয়ের বিরুদ্ধে।
পুলিশ দপ্তরের অফিশিয়াল গ্রুপে এমন ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তড়িঘড়ি করে ছবি পরিবর্তন করে পুনরায় সঠিক ছবি ও তথ্য প্রকাশ করা হয়। বিএমপির মিডিয়া সেলের উপপরিদর্শক (এসআই) তানজিল আহমেদ দাবি করেছেন, বিষয়টি কেবল ‘দুষ্টুমির ছলে’ করা হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৯ জুন) বিকেল পৌনে ৫টার দিকে বরিশাল নগরীর পলাশপুর কলোনিতে অভিযান চালিয়ে রাসেল হাওলাদার (৩৫) নামের এক মাদক কারবারিকে ৮০০ পিস ইয়াবাসহ আটক করে কাউনিয়া থানা-পুলিশ। আটকের সময় রাসেলের গায়ে আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সি ছিল।
থানা-পুলিশ রাসেলকে আটকের পর তার জার্সিটি উল্টো করে পরিয়ে ছবি তুলে বিএমপির মূল মিডিয়া সেলে পাঠায়। কিন্তু মিডিয়া উইংয়ের দায়িত্বরত ব্যক্তিরা এআই প্রযুক্তির অপব্যবহার করে ডিজিটাল কারচুপির মাধ্যমে রাসেলের গায়ে ব্রাজিলের জার্সি বসিয়ে দেন। এই বিকৃত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফুটবল সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়। পরে গণমাধ্যমকর্মীরা বিষয়টি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আশিক সাঈদের নজরে আনলে দ্রুত ভুল সংশোধন করে আসল ছবি প্রকাশ করা হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, চিহ্নিত মাদক কারবারি রাসেলের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে। মামলায় আটক রাসেলসহ পালিয়ে যাওয়া আরেক আসামিকে অভিযুক্ত করা হয়েছে।
আরটিভি/এআর