images

দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে শিক্ষার্থীসহ নিখোঁজ ৩

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ০৬:২৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় পদ্মা ও মহানন্দা নদীতে ডুবে তিনজন নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী সংলগ্ন আলিমনগর ঘাট এবং মহানন্দা নদীর রাবার ড্যাম এলাকায় এ দুটি ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে অভিযান চালাচ্ছেন।

নিখোঁজরা হলেন- সদর উপজেলার সুন্দরপুর রউফ হাজীপাড়া এলাকার জেম আলীর ছেলে রিফাত (১৬), ইসলামপুর ইউনিয়নের চরতেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭) এবং পৌর এলাকার আরামবাগ-আজাইপুরের রুহুল আমিনের ছেলে মো. সাকিরুল ইসলাম (৩০)। রিফাত ও রাসেল সোবহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন
Web-Image---Copy

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে স্কুল ছুটির পর কয়েকজন বন্ধুর সঙ্গে আলিমনগর ঘাটে পদ্মা নদীতে গোসল করতে নামে রিফাত ও রাসেল। গোসলের একপর্যায়ে তারা নদীর গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে রাজশাহী থেকে ডুবুরি দল গিয়ে উদ্ধার তৎপরতায় যোগ দেয়।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল হাসান শুভ জানান, রাজশাহী থেকে ডুবুরি দল গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ দুই শিক্ষার্থীর কোনো সন্ধান মেলেনি।

অন্যদিকে, একই সময়ে সদর উপজেলার মহানন্দা নদীর রাবার ড্যাম এলাকায় মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হন মো. সাকিরুল ইসলাম (৩০)। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, পদ্মা ও মহানন্দা— উভয় নদীতেই নিখোঁজ তিনজনের সন্ধানে ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ তিনজনের কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।


আরটিভি/এমএইচজে