বুধবার, ০১ জুলাই ২০২৬ , ০৫:৫০ পিএম
প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনের লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি)। তারই অংশ হিসেবে সাভারের নবীনগর ও পাথালিয়া ইউনিয়নের কুরগাঁও এলাকায় ২ হাজার ২০০ বর্গফুট জায়গাজুড়ে ‘হাফেজ্জী স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’ যাত্রা শুরু করেছে।
মঙ্গলবার (৩০ জুন) এক অনুষ্ঠানের মাধ্যমে হাফেজ্জী স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের সম্প্রসারণ করা হয়। এ সময় তৃতীয় ধাপে নবীনগর ও কুরগাঁও এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে সাড়ে ৩ লাখ টাকা মূল্যের বিশেষায়িত হুইলচেয়ার বিতরণ করা হয়। এ নিয়ে প্রতিবন্ধী মানুষের চলাচল ও পুনর্বাসনের জন্য সংগঠনটি মোট প্রায় ১০ লাখ টাকা মূল্যের বিশেষ হুইলচেয়ার সহায়তা প্রদান করল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি হুইলচেয়ার শুধু চলাচলের একটি মাধ্যম নয়, এটি একজন মানুষের আত্মবিশ্বাস, স্বাধীনভাবে চলার অধিকার এবং মর্যাদাপূর্ণ জীবনের নতুন সম্ভাবনার প্রতীক। একজন প্রতিবন্ধী মানুষ যখন নিজের সক্ষমতায় সমাজের সঙ্গে যুক্ত হতে পারেন, তখন সেটিই প্রকৃত মানবিক সহায়তার সার্থকতা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে প্রশিক্ষণার্থীদের জন্য ইতোমধ্যে সেলাই মেশিন সরবরাহ এবং সেলাই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। চলতি মাসেই চালু হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম, যাতে তারা আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে পারেন।
পাশাপাশি একই কেন্দ্রে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি আধুনিক থেরাপি ও পুনর্বাসন ইউনিট চালু করা হচ্ছে। এখানে অত্যাধুনিক থেরাপি সরঞ্জাম এবং দক্ষ থেরাপিস্টের মাধ্যমে নিয়মিত থেরাপি সেবা প্রদান করা হবে, যাতে তারা শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং দৈনন্দিন জীবনযাত্রায় আরও স্বাবলম্বী হতে পারেন।
সংগঠনটির মতে, প্রতিবন্ধী মানুষের উন্নয়নে কেবল এককালীন অনুদান যথেষ্ট নয়, প্রয়োজন দক্ষতা, চিকিৎসা, পুনর্বাসন এবং টেকসই কর্মসংস্থানের সুযোগ। সেই লক্ষ্যেই মানবিক সহায়তার পাশাপাশি শিক্ষা, প্রশিক্ষণ ও পুনর্বাসনকে সমন্বিত করে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
প্রসঙ্গত, স্বেচ্ছাসেবী সংগঠন হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশের অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে বহুমুখী মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিবন্ধীদের জন্য নিয়মিত ও জরুরি চিকিৎসা সহায়তা, আর্থিক অনুদান, পুনর্বাসন কার্যক্রম, প্রশিক্ষণ ও কর্মসংস্থানসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কার্যক্রম সংগঠনটির চলমান উদ্যোগের অংশ। দেশের বিত্তবান মানুষ, দাতা সংস্থা ও করপোরেট প্রতিষ্ঠানের সহায়তায় সংগঠনটি এসব কর্মকাণ্ড পরিচালনা করে।
তাদের মতে, সম্মিলিত সহযোগিতার মাধ্যমে আরও অনেক প্রতিবন্ধী মানুষকে আত্মনির্ভরশীল, দক্ষ ও মর্যাদাপূর্ণ জীবনের পথে এগিয়ে নেওয়া সম্ভব।
আরটিভি/এসএস