বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১১:৫১ এএম
নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় তোশকে মোড়ানো মোতালেব হোসেন নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কের পাশে মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
মোতালেব লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার শিবপুর গ্রামের মৃত ছলেমান মিয়ার ছেলে। তিনি মাসদাইর গোরস্তান এলাকার সাজেদা মঞ্জিলে শ্বশুর বাড়িতে বসবাস করেন এবং মাসদাইর বাজারে সুমাইয়া টেলিকম ও বুক নামে ফ্লেক্সিলোডের দোকানের মালিক।
নিহতের শ্যালক কামাল জানান, ১ জুলাই সকাল ৮টায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ থাকে সে। অনেক খোঁজাখুঁজি পর রাতে ফতুল্লা মডেল থানার একটি সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে এসে সড়কে তোশকে মোড়ানো অবস্থায় মরদেহ দেখে শনাক্ত করেন। হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেন তিনি।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ওয়াসিম খান জানান, ধারণা করা হচ্ছে তাকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যার পর পরিচয় গোপন ও মরদেহ গুমের উদ্দেশ্যে তোশকে মুড়িয়ে সড়কে ফেলে দেয় দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িত আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।
আরটিভি/এসএস