বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ০১:৫৩ পিএম
টাঙ্গাইলের ভূঞাপুরে বাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে আল আমিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১১টি বড় গাঁজা গাছ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর পশ্চিম পাড়া গ্রামে এ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তারকৃত আল আমিন ওই গ্রামের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাশিদুল ইসলাম জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির আঙিনায় গাঁজা চাষ করছেন আল আমিন, এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে উপজেলার বলরামপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১১টি গাঁজা গাছ উদ্ধার এবং আল-আমিনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ভূঞাপুর থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
আরটিভি/এসএস