images

দেশজুড়ে

চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ০৬:০৭ পিএম

চট্টগ্রামের পটিয়ায় সোনিয়া আক্তার নামে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৫টায় উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সবুর মার্কেট এলাকার আনোয়ার শাহ মাজার-সংলগ্ন নিজ বসতবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, সোনিয়া আক্তার আত্মহত্যা করেছেন। তবে তার পরিবারের দাবি, ঘটনাটি রহস্যজনক। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সোনিয়া আক্তার সন্তানদের নিয়ে নিজ বাড়িতে ছিলেন। দুপুরে পরিবারের অন্য সদস্যরা খাবার খেতে এসে শয়নকক্ষে তাকে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ আবার বাড়িতে নিয়ে আসা হলে খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে পটিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহতের শাশুড়ি বলেন, সকালে দুই জায়ের মধ্যে ঝগড়া হয়েছিল। পরে তিনি বিষয়টি মিটিয়ে দেন। এরপর কোনো একসময় সোনিয়া ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে তাদের ধারণা। তবে ঘটনাটি কেউ প্রত্যক্ষ করেননি। নিহতের স্বামী নুর ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

এদিকে নিহতের ভাই জয়নাল অভিযোগ করেন, যে কক্ষে আত্মহত্যার কথা বলা হচ্ছে, সেটি অত্যন্ত ছোট ও সংকীর্ণ। তার দাবি, ওই কক্ষে আত্মহত্যা করা সম্ভব নয়। তাই তিনি বোনের মৃত্যুকে রহস্যজনক মনে করছেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে দুই শিশুসন্তানের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যুযুৎস যশ চাকমা বলেন, মরদেহের প্রাথমিক আলামত দেখে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

আরটিভি/টিআর