শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১১:০৪ পিএম
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় শুক্রবার (৩ জুলাই) বিকেলে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। ওই মিছিলের প্রতিবাদে জয়দেবপুর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জয়দেবপুর থানার সামনে অবস্থান নেয়। পরে নেতাকর্মীরা থানার গেট আটকে বিক্ষোভ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরের রাজেন্দ্রপুরের নান্দুয়ান এলাকায় শুক্রবার জুমার নামাজের পর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির মোড়লের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। নাসির মোড়ল অনেকদিন ধরে ভারতে ছিলেন। সেখান থেকেই তিনি বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেন। সেই ঘোষণা অনুযায়ী নাসির মোড়ল দেশে ফিরে এ ঝটিকা মিছিল করেন।
ছাত্রলীগের এই ঝটিকা মিছিলের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানা ঘেরাও করে বিক্ষোভ করেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাজিম সরকার, সদস্য সচিব এমারত হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর সিকদার, যুগ্ম আহ্বায়ক আজিজুল সিনহা এবং গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রমুখ।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, থানা ঘেরাও করার মতো কোনো ঘটনা ঘটেনি। তবে ছাত্রদলের নেতাকর্মীরা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও বক্তব্য দিয়ে চলে গেছেন।
আরটিভি/ এসকেডি