শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১১:০৫ পিএম
বীর মুক্তিযোদ্ধা ও তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর), বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অবসরপ্রাপ্ত হাবিলদার শেখ জমশেদ আলী (৮৮)-কে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের স্ট্যান্ডার্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা শেখ জমশেদ আলী মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজের পর দেবগ্রাম পীর শাহ সুলতান সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় আখাউড়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন।
এরপর বিজিবির সুলতানপুর ৬০ ব্যাটালিয়নের একটি চৌকস দলও তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় তার কফিনে পুষ্পস্তবক অর্পণ, সশস্ত্র সালাম এবং বিউগলে করুণ সুর বাজিয়ে দেশের এই বীর সন্তানকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
জানাজা শেষে তাকে দেবগ্রাম গ্রামের শেখ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, বিজিবি কর্তৃপক্ষ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শেখ জমশেদ আলীর রুহের মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
আরটিভি/টিআর