শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১২:৪৯ পিএম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার তারাইল গ্রামে ৮ বছর বয়সী এক দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে কলা দেওয়ার কথা বলে ঘরে আটকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত জাকার শেখকে (৫৮) আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার তারাইল গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে শিশুটিকে পানি আনতে বাইরে পাঠানো হলে প্রতিবেশী জাকার শেখ কলা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে নিজের ঘরে নিয়ে যান। পরে ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে তার মা মনিরা বেগম ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে।
ভুক্তভোগী শিশুর বাবা আলাল শেখ জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তার অনুপস্থিতির সুযোগে অভিযুক্ত ব্যক্তি তার মেয়ের ওপর নির্যাতনের চেষ্টা করেন। শিশুর চিৎকার শুনে তার স্ত্রী দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেয়েকে উদ্ধার করেন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কল পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। ভুক্তভোগী শিশু ও অভিযুক্তকে থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
তিনি বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।
আরটিভি/এসএস