শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ০১:৫৭ পিএম
রংপুরের পীরগঞ্জে বড় আলমপুর ইউনিয়নের ছোট উজিরপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের পাঁচটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
শনিবার (৪ জুলাই) সকালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন- ওই গ্রামের মৃত্যু আব্দুস সামাদের ছেলে বেলাল মিয়া রাশেদুল ইসলাম ও তার মা আসমা বেগম। তারা পৃথকভাবে একই বাড়িতে বসবাস করেন।
স্থানীয় বাসিন্দা মালেক মিয়া বলেন, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন পানি ও বিভিন্ন উপায়ে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
আরেক স্থানীয় বাসিন্দা মাহবুর রহমান বলেন, আগুনে কয়েক মিনিটের মধ্যেই পাঁচটি বসতঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে রয়েছে। তাদের পাশে দাঁড়ানো জরুরি।
স্থানীয়দের ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত রাশেদুল ইসলাম কান্না জড়িত বলেন, অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছি। যদি সরকারি সহায়তা ও সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা করেন তাহলে হয়তো বাচঁতে পারব।
পীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজমুল হক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, আমি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে শুকনো খাবারসহ প্রয়োজনীয় জিনিস দেওয়ার নির্দেশ দিয়েছি।
আরটিভি/এসএস