শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ০৫:৫৩ পিএম
সিরাজগঞ্জের শাহজাদপুরের নুকালি বহুপার্শিক উচ্চ বিদ্যালয়ে এইচএসসি পরীক্ষা চলাকালে নিজ কক্ষে বসে মদ খেয়ে মাতলামি করা প্রধান শিক্ষক রুহুল আমিনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে সরকার।
তাকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) সুবিধাও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শনিবার (৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে একটি চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
চিঠি থেকে জানা যায়, বিষয়টি নজরে আসার পর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
মন্ত্রণালয় জানায়, এ ধরনের কর্মকাণ্ড আপত্তিকর, অনৈতিক ও আইনবহির্ভূত। এর মাধ্যমে শিক্ষক সমাজের মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এ কারণে স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী মো. রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার এমপিও (মাসিক বেতন-ভাতার সরকারি অংশ) স্থগিত রাখা হয়েছে বলেও জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি বহুপার্শিক উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে নিজ কক্ষে মদপানের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষক নিজ কক্ষে চেয়ারে বসে মাতলামি করছেন। বিদ্যালয়ে তখন এইচএসসি পরীক্ষা চলছিল। খবর পেয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হন। তাদের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে।
আরটিভি/এসএইচএম