শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ০৯:০৯ পিএম
নেত্রকোণার সীমান্তবর্তী দূর্গাপুরে একটি ৬০ মিলিমিটার মর্টারের অবিস্ফোরিত গোলা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৪ জুলাই) উপজেলার ভবানীপুর এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সূত্র জানায়, ভবানীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১১৫৫/১০-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভবানীপুর গ্রামের কয়েকজন শিশু একটি নালায় মাছ ধরতে গিয়ে কাদার নিচে গোলাটি দেখতে পায়। পরে স্থানীয় বাসিন্দা মো. আমজাদ আলী গোলাটি নালা থেকে এনে নিজের বাড়ির নিকটবর্তী একটি নিরাপদ স্থানে রেখে বিষয়টি ভবানীপুর বিওপি কমান্ডারকে জানান। খবর পেয়ে বিজিবির একটি টহলদল গিয়ে নিশ্চিত হয় যে, সেটি একটি ৬০ মিলিমিটার মর্টারের অবিস্ফোরিত গোলা। পরবর্তীতে গোলাটির চারপাশে বালুর বস্তা দিয়ে নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয় এবং সেখানে বিজিবির সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি জানান, ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বোম্ব ডিসপোজাল দলের মাধ্যমে গোলাটি ধ্বংসের প্রস্তুতি চলছে।
আরটিভি/এমএইচজে