images

দেশজুড়ে

পুলিশের প্রতি আস্থা ফিরিয়ে আনতে জনগণের সহযোগিতা চাইলেন ঢাকার এসপি

রোববার, ০৫ জুলাই ২০২৬ , ০৩:৫০ পিএম

পুলিশের প্রতি জনগণের আস্থার ঘাটতি তৈরি হয়েছে বলে মন্তব্য করে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বলেছেন, সেই পরিস্থিতি পরিবর্তনের জন্য জনগণের সহযোগিতাও প্রয়োজন।

রোববার (৫ জুলাই) ঢাকার ধামরাই থানায় মাদক নির্মূল, কমিউনিটি পুলিশিং কার্যক্রম ও থানা ব্যারাক নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ঢাকা জেলা পুলিশ সুপার বলেন, আস্থাহীনতা আছে, আমি তা অস্বীকার করব না। বিগত ১৭ বছরে বাংলাদেশ পুলিশকে যেভাবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে—বরং আমি বলব অপব্যবহার করা হয়েছে—এবং আমাদের কিছু বিপথগামী সদস্যের কর্মকাণ্ডের কারণে আজ জনগণের কাছে পুলিশের ভাবমূর্তি ও আস্থার ঘাটতি তৈরি হয়েছে।

এসপি বলেন, আপনারা জানেন, সেই সময় পরিবর্তন হয়েছে। যারা অপরাধী ছিল, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে বা আত্মগোপনে রয়েছে। এখন আপনারা যে পুলিশকে দেখছেন, তারা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করতে চায়। আমরা আপনাদের বন্ধু হিসেবেই কাজ করতে চাই, আপনাদের পাশে থাকতে চাই।

এসপি আরও বলেন, এজন্য আপনাদের সহযোগিতাও প্রয়োজন। আপনারা পুলিশকে শত্রু, প্রতিপক্ষ বা বিপরীতের মানুষ হিসেবে না ভেবে আপনজন হিসেবে দেখুন। আপনাদের সমস্যাগুলো আমাদের জানান। অবশ্যই পুলিশ সেই সমস্যার সমাধানে কাজ করতে বাধ্য। কারণ আমরা শপথ নিয়েছি জনগণকে নিরাপদ রাখব। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা—এটাই আমাদের মূল দায়িত্ব।

শামীমা পারভীন বলেন, সুতরাং আজ যারা দায়িত্বে আছি, আমরা জনগণের সঙ্গে মিলেই কাজ করতে চাই, যাতে মানুষ নিরাপদ থাকে, দেশে শান্তি-শৃঙ্খলা ফিরে আসে এবং দেশ নিরাপদ থাকে। সে ক্ষেত্রে আপনাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।

তিনি বলেন, ধামরাইয়ের মানুষ শান্তিপ্রিয়। এই এলাকার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। খুব শিগগিরই রথযাত্রা শুরু হবে, সম্ভবত আগামী ১৬ তারিখ। আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন পাঁচ বছরই রথযাত্রায় এখানে এসেছি। এ এলাকায় আমার অনেক ছোট ভাই ও বড় ভাই থাকেন। তাদের বাড়িতে বেড়াতে এসেছি, দাওয়াত খেয়েছি। এই এলাকার মানুষ খুবই ভালো।

তিনি আরও বলেন, অপরাধীদের কোনো পরিচয় থাকে না। তাই অপরাধ দমনে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আরটিভি/টিআর