সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ০৯:৩২ পিএম
রাজবাড়ী সদর উপজেলার চর খানখানাপুর গ্রামে পরকীয়া প্রেমের অভিযোগে এক তরুণের সঙ্গে গৃহবধুকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর গৃহবধুর সঙ্গে ওই তরুণের বিয়ে হওয়ার মাধ্যমে তাদের মুক্তি মিলেছে বলে জানা গেছে।
শনিবার (৪ জুলাই) দিবাগত মধ্যরাতে গৃহবধুর স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও রবিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায়, বাড়ির উঠানে মেহগনি গাছের সঙ্গে একই রশিতে গৃহবধু ও এক তরুণকে বেঁধে রাখা হয়েছে। এ সময় বেশ কয়েকজন নারী ও পুরুষের উপস্থিতি দেখা যায়।
ভিডিওতে বলতে শোনা যায়, ‘তোরা এমন কাজ কী করে করতে পারলি।’ আবার কখনও তরুণকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, ‘তোর বাপকে ফোন করে এখানে আসতে বল, তিনি আসলেই ঝামেলা মিটবে।’ এ সময় একজনের কাছ থেকে মুঠোফোন নিয়ে বেঁধে রাখা তরুণকে কথা বলার চেষ্টা করতে দেখা যায়। গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতনের দৃশ্য অনেককে মুঠোফোনে ধারণ করতেও দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, বেঁধে রাখা তরুণ স্থানীয়দের বারবার রশি খুলে দিতে অনুরোধ করছেন। কোথাও পালিয়ে যাবে না বলে তিনি বাঁধন খুলে দিতে সবাইকে অনুরোধ করেন। শরীর গামছা দিয়ে ঢেকে রাখা এক যুবকের হাত ধরে বারবার রশির বাঁধন খুলতে অনুরোধ করেন ওই তরুণ। তখন বাঁধন খুলে দিতে অপরাগতা প্রকাশ করে ওই যুবককে বলতে শোনা যায়, রশির বাঁধন খুলে দিলে এখানে উপস্থিত সবাই তাকে মারধর করবেন। তাই তিনি বাঁধন খুলে দিতে পারবেন না। এ সময় কয়েকজন কাছে এসে বেঁধে রাখা তরুণের ওপর চড়াও হন। তাদের বলতে শোনা যায়, কেউ রশি খোলার চেষ্টা করলে তাকে মারধর করা হবে।
স্থানীয় কয়েকজন বলেন, নবুওছিমদ্দিন এলাকার ওই যুবকের (২৪) সঙ্গে তাদের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর এলাকার বাসিন্দা তার ফুফাতো ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে গৃহবধুর সঙ্গে দেখা করতে গেলে ওই তরুণকে হাতেনাতে ধরে ফেলেন গৃহবধুর স্বামী। এ সময় তিনিসহ তার পরিবারের লোকজন মিলে ছেলেটিকে মারধর করে বাড়ির উঠানে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। এ সময় ওই গৃহবধুকেও তার সঙ্গে বেঁধে রেখে আশপাশের সবাইকে খবর দেন।
গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নবুওছিমদ্দিন পাড়ার হাসেম শেখ বলেন, খবর পেয়ে আমরা রাতেই ওই বাড়ি গিয়ে দেখি, গাছের সঙ্গে ওই গৃহবধূ ও তরুণকে বেঁধে রাখা হয়েছে।
তিনি জানান, এ সময় গৃহবধূর স্বামী সবাইকে সাফ জানিয়ে দেন, তিনি তার স্ত্রীর সঙ্গে সংসার করবেন না, খালাতো ভাইয়ের সঙ্গেই তার স্ত্রীকে বিয়ে দেবেন। পরে রাত আড়াইটার দিকে স্থানীয়ভাবে মৌলভি ডেকে তাদের মধ্যে তালাক করানোর পর রাত সাড়ে ৩টার দিকে ওই তরুণের সঙ্গে গৃহবধুর বিয়ে দেওয়া হয়।
নবুওছিমদ্দিন পাড়ার হাসেম শেখ আরও বলেন, রবিবার ভোরের দিকে ছেলেটি মেয়েটিকে নিয়ে তাদের বাড়ি ফিরে গেছে। গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন তার স্বামী করেছেন। আমরা সুষ্ঠুভাবে মীমাংসা করেছি মাত্র।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, এমন একটি ভিডিও ফেসবুকে দেখিছি। ভিডিও দেখে স্থানীয় হাসেম শেখের কাছে ফোন করে ঘটনা জানার চেষ্টা করেছি। এ বিষয়ে কোনো পক্ষ থেকে আমাদের কাছে লিখিত বা মৌখিকভাবে অভিযোগ দেয়নি। নির্যাতনের কোনো অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
আরটিভি/ এসকেডি