images

দেশজুড়ে

বিস্কুট খাওয়ানোর কথা বলে শিশুকে ঘরে ডেকে নেয় রাতুল, অতঃপর...

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ১০:২৮ এএম

রাজবাড়ীতে দুপুরে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে মো: রাতুল মোল্লা নামে এক যুবককের বিরুদ্ধে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। পরে অভিযান চালিয়ে ঐ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) জেলা সদরের বসন্তুপুরে এ ঘটনা ঘটে।

সোমবার (৬ জুলাই) অভিযুক্তকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত রাতুল রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, ৪ জুলাই দুপুরে ভুক্তভোগী শিশুর মা তার মেয়েকে বাড়িতে রেখে কিছুক্ষণের জন্য বাইরে যান। বাড়ির এই নির্জনতার সুযোগ নিয়ে অভিযুক্ত রাতুল মোল্লা শিশুটিকে বিস্কুট খাওয়ানোর কথা বলে ডেকে একটি ঘরের ভেতর নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়। ওই সময় শিশুর মা বাড়িতে ফিরে মেয়েকে দেখতে না পেয়ে ডাকাডাকি শুরু করেন। মায়ের আওয়াজ পেয়ে শিশুটি ভেতর থেকে চিৎকার দিলে মা দ্রুত ঘরের দিকে এগিয়ে যান। তখন নিজের উপস্থিতি প্রকাশ পাওয়ার ভয়ে রাতুল ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়।

এই ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার রাতে ওই শিশুর মা বাদী হয়ে মামলাটি দায়ের করার পর পুলিশ তৎপরতার সাথে একমাত্র আসামি রাতুলকে গ্রেপ্তার করে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শিশুদের সুরক্ষায় পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

আরটিভি/টিআর