মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ১২:০৯ পিএম
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ফাতেমা বেগম (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাতেমা ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামের দেলোয়ার শেখের মেয়ে এবং গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কোহলদিয়া এলাকার দুবাইপ্রবাসী সাইফুল শিকদারের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে স্বামী সাইফুল শিকদারের সঙ্গে মোবাইল ফোনে ফাতেমার কথা-কাটাকাটি হয়। মঙ্গলবার সকালে কাউকে কিছু না জানিয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে রেললাইন দিয়ে হাঁটার সময় খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মা শাহিদা বেগম বলেন, গত প্রায় এক বছর ধরে আমার মেয়ের সঙ্গে তার স্বামীর মাঝেমধ্যে ঝগড়া হতো। গত রাতেও মোবাইলে তাদের ঝগড়া হয়। সকালে আমার মেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে রেললাইনে একজন কাটা পড়ে মারা গেছে শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি, নিহত ব্যক্তি আমার মেয়ে ফাতেমা।
এ বিষয়ে ভাঙ্গা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাফুর বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরটিভি/টিআর