মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ১২:৩৬ পিএম
টানা ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত মোড়ে সড়কের একটি অংশ ধসে পড়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে এ ঘটনায় প্রায় এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে বিমানবন্দর সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট এবং দুর্ভোগে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সিডিএ প্রকৌশলী ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জরুরি ভিত্তিতে মেরামত কাজ শুরু করেন। পরে ধসে যাওয়া অংশ সংস্কার শেষে সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, টানা বৃষ্টির কারণে মাটি নরম হয়ে যাওয়ায় সড়কের নিচের অংশ দেবে গিয়ে এই ধসের ঘটনা ঘটে। স্থায়ী সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।
আরটিভি/টিআর