মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ০৬:২১ পিএম
বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে একসঙ্গে গোসল করতে নেমে পাঁচ বন্ধুর মধ্যে একজন স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছে। এ সময় স্রোতে ভেসে যাওয়া অপর চারজনকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ পর্যটকের নাম মো. আসাদুল (১৬)। সে বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকার মো. মুসার ছেলে। আসাদুল এবারের এসএসসি পরীক্ষার ফলাফল প্রত্যাশী ছিলেন।
জানা গেছে, দুপুরে আসাদুলসহ সমবয়সী পাঁচ কিশোর একসঙ্গে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুরতে যায়। সৈকতে ঘোরাঘুরির একপর্যায়ে তারা সমুদ্রে গোসলে নামে। তবে কয়েকদিন ধরে নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় স্রোতের টানে তারা ভেসে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা চারজনকে উদ্ধার করতে পারলেও আসাদুল নিখোঁজ হয়। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা উদ্ধার অভিযান শুরু করে।
এ বিষয়ে তালতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দুপুরের দিকে পাঁচজন একসঙ্গে ঘুরতে এসে সমুদ্রে নেমে আসাদুল নামে একজন পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌপুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধার অভিযান চলছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ পর্যটক আসাদুলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
আরটিভি/এমএইচজে