images

দেশজুড়ে

৪৮ ঘণ্টায়ও সন্ধান মেলেনি বঙ্গোপসাগরে নিখোঁজ ৬ জেলের

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ০৭:৩৯ পিএম

পটুয়াখালীর গলাচিপার ১১ জেলেকে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও নিখোঁজ ৬ জেলের কোনো সন্ধান মেলেনি। তাদের উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

গত রোববার (৫ জুলাই) রাতে রাঙ্গাবালী উপজেলার মৌডুবী এলাকা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের কবলে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে মোট ১১ জন জেলে ছিলেন। তাদের মধ্যে ৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ৬ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া আহত জেলেদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উদ্ধার হওয়া জেলে বায়েজিদ জানান, ট্রলারটি ডুবে যাওয়ার পর তারা ট্রলারের অংশ ও একটি বয়া ধরে প্রায় ছয় ঘণ্টা সাগরে ভেসে ছিলেন। পরে অন্য একটি মাছ ধরার ট্রলার তাদের উদ্ধার করে।

নিখোঁজ ৬ জেলে হলেন— পানপট্টি ইউনিয়নের দক্ষিণ পানপট্টি গ্রামের মৃত গেদু হাওলাদারের ছেলে মো. হারুন হাওলাদার, পানপট্টি গ্রামের মো. ইমাদুল, গজালিয়া ইউনিয়নের ইচাদী গ্রামের মো. ফোরকান, মো. সায়েম ও মো. আল আমিন এবং গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের মো. আকাশ।

আরও পড়ুন
Web-Image---Copy

১১ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, অতঃপর...

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে উদ্ধার হওয়া ৫ জেলে ও নিখোঁজ ৬ জেলের পরিবারের প্রত্যেককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৭ হাজার ৫০০ টাকা এবং শুকনো খাবার সহায়তা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজার মো. ইজাজুল হক।

তিনি বলেন, আমরা নিয়মিত কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। উদ্ধার অভিযান চলছে এবং বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। উদ্ধার হওয়া আহত জেলেদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিখোঁজ জেলেদের উদ্ধারে স্বজনেরাও পৃথক একটি ট্রলার নিয়ে গভীর সমুদ্রে অনুসন্ধান চালাচ্ছেন। এ ঘটনায় নিখোঁজ জেলেদের পরিবারগুলো চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশনায় ইউএনও আবুজার মো. ইজাজুল হকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা নিখোঁজ ও উদ্ধার হওয়া জেলেদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

আরটিভি/এমএইচজে