images

দেশজুড়ে

চলন্ত অটোরিকশার উপর গাছ ভেঙে পড়ে চালকের মৃত্যু

বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ০১:০২ পিএম

রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাশপীর–কাচদহ সড়কে চলন্ত একটি মিশুকের (অটোরিকশা) উপর সড়কের পাশের একটি শুকনো গাছ ভেঙে পড়ে আব্দুল গফুর (৫০) নামে চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকালে উপজেলার টিউটমারী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল গফুর দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভোটারপাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে এইচএসসি পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে গফুর খালাশপীরের উদ্দেশে রওনা হন। পথে টিউটমারী এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি শুকনো গাছ ভেঙে তার চলন্ত মিশুকের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, খালাশপীর–কাচদহ সড়কের পাশে দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি শুকনো ও ঝুঁকিপূর্ণ গাছ দাঁড়িয়ে রয়েছে। এসব গাছ অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ না নেওয়ায় যেকোনো সময় আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

আরটিভি/এমএইচজে