বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ০১:১৯ পিএম
নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে নৃশংস নির্যাতন ও লুটপাটের শিকার হওয়া সেই অসহায় পরিচ্ছন্নতাকর্মী বৃদ্ধা মারা গেছেন।
সোমবার (৬ জুলাই) দিবাগত রাত সোয়া ১টার দিকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার দুপুরে মেথিকান্দা রেলওয়ে স্টেশনে গিয়ে ওই বাকপ্রতিবন্ধী বৃদ্ধার চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছিলেন ইউএনও। সে সময় তাকে চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি তার নিরাপদ বসবাসের জন্য একটি কক্ষের ব্যবস্থা করারও উদ্যোগ নেওয়া হয়েছিল এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল।
গত ৫ জুলাই ওই বৃদ্ধার ওপর নির্যাতন ও লুটপাটের ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়।
বৃদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ করে ইউএনও মাসুদ রানা জানান, সংবাদ পেয়ে দায়িত্ব নেওয়ার দিন রাতেই তার মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএইচজে