বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ০২:১১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় এক শিক্ষকের বাসায় দিনের বেলায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল বাসার প্রধান ফটকের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টার পর থেকে বিকেল ৪টার মধ্যে যেকোনো সময় আখাউড়া পৌরশহরের মসজিদপাড়া এলাকায় (ফায়ার সার্ভিস অফিসের পেছনে) এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগীর নাম খন্দকার শামসুন্নাহার রোমানা। তিনি নাসরীন নবী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
খন্দকার শামসুন্নাহার রোমানা জানান, মঙ্গলবার সকাল ৯টার কিছু আগে বাসায় তালা দিয়ে তিনি স্কুলে যান। বিকেল সাড়ে ৪টার দিকে ফিরে এসে দেখেন প্রধান ফটকের তালা ভাঙা। ঘরে প্রবেশ করে তিনি দেখতে পান বিছানার ওপর কাপড়চোপড় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, স্টিলের আলমারির লক খোলা, একটি ড্রয়ারের তালা ভাঙা এবং দরজার হাতল বাঁকা। ঘরের মেঝেতে একটি বটি ও ৩ থেকে ৪ হাত লম্বা একটি মোটা লোহার রড পড়ে ছিল।
তিনি আরও জানান, চোরেরা স্টিলের আলমারি ভেঙে নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা এবং প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। স্বর্ণালঙ্কারের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। সব মিলিয়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি আখাউড়ায় চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। গত দেড় মাসে উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটলেও কার্যকর প্রতিরোধ না হওয়ায় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চুরির রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। সাম্প্রতিক চুরির ঘটনাগুলোতেও পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। জড়িতদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হচ্ছে।
আরটিভি/আইএম