images

দেশজুড়ে

ঢাকা-আরিচা মহাসড়কে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় ৪ জন গ্রেপ্তার

বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ০২:১৬ পিএম

ঢাকা-আরিচা মহাসড়কে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ ও চোখ-মুখ বেঁধে আড়াই লাখের বেশি টাকা ছিনতাইয়ের ঘটনায় চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ডাকাতদের ব্যবহৃত একটি সাদা রঙের নোয়াহ মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।

এর আগে মঙ্গলবার (৭ জুলাই) রাতে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ধামরাই থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- সাঈদ আল হাসান শাকিল (২৯), মো. সবুজ ওরফে সাগর (৩০), মো, জুয়েল হাওলাদার ওরফে জাহিদুল (৩৫) ও মো. মোশারফ আলী (৩৫)। তারা জামালপুর ও পটুয়াখালীর বাসিন্দা।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জুন সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের মাদারপুর এলাকার ব্যবসায়ী আব্দুল্লাহ আল ফাহাদ খান (২৫) ও তার প্রতিবেশী ছোট ভাই সিয়াম খন্দকার ব্যবসায়িক কাজে সাভার যাওয়ার জন্য কালামপুর বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের পাশে বাসের অপেক্ষা করছিলেন। এ সময় একটি সাদা রঙের নোয়াহ মাইক্রোবাস তাদের সামনে এসে থামে। পরে গাড়ি থেকে কয়েকজন ব্যক্তি নেমে নিজেদের ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে জোরপূর্বক ফাহাদ ও সিয়ামকে গাড়িতে তুলে নেয়। গাড়িতে তোলার পরপরই তাদের চোখ ও মুখ কসটেপ দিয়ে পেঁচিয়ে ফেলা হয় এবং মারধর শুরু করা হয়। এরপর গাড়িটি মানিকগঞ্জের দিকে রওনা দেয়।

আরও পড়ুন
Web-Image---Copy

রেলস্টেশনে নির্যাতন-লুটপাটের শিকার সেই বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

পুলিশ আরও জানায়, অপহরণকারীরা পথিমধ্যে ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দিয়ে বিভিন্ন মাধ্যমে সর্বমোট দুই লাখ ৬২ হাজার ২১০ টাকা এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। টাকা লুটের পর রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে মানিকগঞ্জ থানার পুখুরিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি ইটভাটার (স্টোন ব্রিকস লিমিটেড) সামনে চোখ-মুখ বাঁধা অবস্থাতেই তাদের গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ডাকাতরা পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী ফাহাদ বাদী হয়ে ধামরাই থানায় মামলা করেন। পরে ধামরাই থানার ওসি নাজমুল হুদা খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে গাজীপুরের সদর, গাছা ও বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত চারজনকে গ্রেপ্তার করে।

ওসি নাজমুল হুদা খান বলেন, গ্রেপ্তারকৃতরা মহাসড়কের একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ডিবি পরিচয়ে সাধারণ মানুষকে তুলে নিয়ে সর্বস্ব লুটে আসছিল। আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে