বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ০৪:৫১ পিএম
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বলদিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বলদিপাড়া এলাকার সাইদুর রহমান (৭০) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৬০)।
স্থানীয়রা জানান, দুপুরে রাবেয়া বেগম বাড়ির টিউবওয়েল থেকে পানি আনতে যান। এ সময় বিদ্যুতায়িত হয়ে পড়া টিনের ঘরের বেড়ায় হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে যান। এ সময় তাকে উদ্ধার করতে স্বামী সাইদুর রহমান এগিয়ে গেলে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
এলাকাবাসী বলেন, বৈদ্যুতিক সংযোগে ত্রুটির কারণে টিনের বেড়ায় বিদ্যুৎ প্রবাহিতম হচ্ছিল। বিষয়টি কেউ বুঝে ওঠার আগেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক আরটিভিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরির কাজ করছে।
আরটিভি/এমএইচজে