বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ০৫:২৫ পিএম
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকার আমবাড়ী গ্রামের গোলহাটি পাড়ার এক প্রবাসীর বসতঘর থেকে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ৩৭০৮ কেজি ভারতীয় ফুচকা জব্দ করেছ পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (৮ জুলাই) সকালে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের আমবাড়ী গ্রামের গোলহাটি পাড়ার সৌদি আরব প্রবাসী শাহাদাত মিয়ার বসতঘর থেকে এসব ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার পুলিশের একটি টিম আমবাড়ী গ্রামে বিশেষ অভিযান চালায়। এ সময় গ্রামের গোলহাটি পাড়ার প্রবাসী শাহাদাত মিয়ার বসতঘরের দক্ষিণ কক্ষ থেকে বস্তার ভেতরে লুকিয়ে রাখা ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়।
প্রবাসী শাহাদাত মিয়ার স্ত্রী সাকিবুন নাহার জানান, এসব ভারতীয় ফুচকা তার বসতঘরে রেখেছিলেন একই গ্রামের শাকিল মিয়া, মিলন মিয়া, ফরিদ মিয়া, শফিকুল ইসলাম, আল আমিনসহ আরও কয়েকজন।
পুলিশ জানায়, ৩৫০ কেজি দরে জব্দ করা ভারতীয় ফুচকার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩ লাখ টাকা। এই ঘটনায় তাহিরপুর থানায় ওই ৫ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। বসতঘর থেকে ভারতীয় পণ্য জব্দ করার ঘটনায় প্রবাসীর স্ত্রী জড়িত কি-না তদন্ত করে দেখা হচ্ছে।
সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তাহিরপুরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা জব্দ করেছে। এই ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।
আরটিভি/এমএইচজে