images

দেশজুড়ে

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ০৪:১৩ এএম

প্রধানমন্ত্রীর নির্দেশনায় চট্টগ্রামের প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণসামগ্রী যথাসময়ে পৌঁছে দেওয়া হবে, কেউ সহায়তাহীন থাকবে না বলে আশ্বাস দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

বুধবার (৮ জুলাই) বিকেলে চট্টগ্রামের বিভিন্ন জলাবদ্ধ ও পাহাড়ধসপ্রবণ এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে সরকার। চট্টগ্রামের কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা থেকে বঞ্চিত রাখা হবে না। প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।

তিনি জানান, এর আগে ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে বৈরী আবহাওয়া উপেক্ষা করে চট্টগ্রামে এসে দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শুরু করেন।

তিনি বলেন, কয়েক দিনের টানা বর্ষণে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এই দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

এর আগে ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী মীর হেলাল। এ সময় প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর প্রতিমন্ত্রী বৈরী আবহাওয়া উপেক্ষা করে চট্টগ্রামে পৌঁছে নগরী ও হাটহাজারী উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং দুর্গত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সফরকালে তিনি চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার বাংলাবাজার ব্যাংক কলোনি এলাকার পাহাড়ধসের ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শন করেন এবং এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের দ্রুত সরকারি সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী হাটহাজারী উপজেলার ইছাপুর ও আজিমপুরসহ বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এছাড়া জালালাবাদের বটতলা এবং দক্ষিণ পাহাড়তলীর খিল্লাপাড়া এলাকায় জলাবদ্ধতা ও ক্ষয়ক্ষতির পরিস্থিতি পরিদর্শন করে দুর্গতদের হাতে ত্রাণ তুলে দেন।

কয়েক দিনের টানা বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় সৃষ্ট জলাবদ্ধতা ও জনদুর্ভোগে গভীর দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

আরটিভি/টিআর