বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ১১:০১ এএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয় স্ত্রী-সন্তানসহ সংঘবদ্ধ ডাকাত দলের হামলার শিকার হয়েছেন আরমান (৪০) নামে এক জাপান প্রবাসী। ডাকাতরা অস্ত্র ঠেকিয়ে মারধর করে ভুক্তভোগী পরিবারের কাছ থেকে ১৫ ভরি স্বর্ণালংকার, আইফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে, যার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকারও বেশি।
বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আরমান ফেনী জেলার আব্দুস সোবহানের ছেলে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, প্রবাসী আরমান তার স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে জাপান যাওয়ার উদ্দেশ্যে ফেনী থেকে একটি মাইক্রোবাসযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়িটি মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোলপ্লাজা এলাকায় পৌঁছালে অজ্ঞাত ৫ থেকে ৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্র (চাপাতি, ছুরি, লোহার রড) নিয়ে গাড়ির গতিরোধ করে।
গাড়িটি থামানোর সঙ্গে সঙ্গেই ডাকাতরা আরমান ও তার পরিবারের সদস্যদের ওপর চড়াও হয় এবং মারধর শুরু করে। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর স্ত্রীর কাছে থাকা ১৫ ভরি স্বর্ণের গহনা, একটি আইফোন-১৬ প্রো ম্যাক্সসহ তিনটি মোবাইল ফোন এবং নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, ঘটনাটি মেঘনা টোলপ্লাজা এলাকায় হলেও মূল মহাসড়কে ঘটেনি; এটি ঘটেছে মহাসড়কের পাশের নিচের একটি সংযোগ সড়কে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।
আরটিভি/এমএইচজে