images

দেশজুড়ে

সরকারি রাস্তা দখল করে বাড়িঘর নির্মাণের অভিযোগ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ০৮:০৯ পিএম

ফরিদপুরের পূর্ব শ্যামপুর গ্রামে সরকারি কাঁচা রাস্তা দখল করে বাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব শ্যামপুর গ্রামের সাব্বির খানের বাড়ি থেকে মমিন খানের বাড়ি পর্যন্ত দীর্ঘদিনের একটি সরকারি কাঁচা রাস্তা রয়েছে। ওই রাস্তা দিয়ে এলাকার প্রায় ১০০ পরিবারের সদস্য নিয়মিত যাতায়াত করে আসছেন। স্থানীয়দের দাবি, রাস্তাটিতে সরকারি উদ্যোগে ইট বসানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। কিন্তু রাস্তাটি দখলে নিয়ে বাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণ করায় দুর্ভোগে পড়েছেন তারা।

আরও পড়ুন
Web-Image14

ফরিদপুরে হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা

লিখিত অভিযোগে শাহিন বলেন, একই গ্রামের ইদ্রিস বেপারী, সোনা মীর, কালাম মীর ও সালাম মীর পূর্বপরিকল্পিতভাবে সরকারি রাস্তার অংশ কেটে দখল করে সেখানে ঘরবাড়ি ও পাকা সীমানা প্রাচীর নির্মাণ করছেন। এতে এলাকার সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ভুক্তভোগীদের দাবি, বিষয়টি নিয়ে অভিযুক্তদের বাধা দিতে গেলে তারা বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছেন। এ কারণে স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এছাড়া ভবিষ্যতে এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

অভিযোগকারীরা জনস্বার্থে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন, প্রয়োজনীয় তদন্ত এবং সরকারি রাস্তা দখলমুক্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর হস্তক্ষেপ কামনা করেছেন।

আরটিভি/এমএম