images

দেশজুড়ে

সাংবাদিকের তৎপরতায় পাচার থেকে রক্ষা পেল সরকারি গাছ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ০৮:৪১ পিএম

রংপুরের পীরগঞ্জে ঝড়ে উপড়ে পড়া সরকারি একটি মূল্যবান রেইনট্রি গাছ পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে স্থানীয় সাংবাদিকদের তৎপরতা ও উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে। পরে উদ্ধার করা গাছের গুঁড়ি উপজেলা পরিষদে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৮ জুলাই) রাতে পীরগঞ্জ–মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে থাকা একটি বড় রেইনট্রি গাছ ঝোড়ো বাতাসে উপড়ে পড়ে। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা গাছটি কেটে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। পরে গাছের গুঁড়ি উপজেলা পরিষদে নেওয়ার কথা থাকলেও সেগুলো কয়েকটি ভ্যানে করে গাইবান্ধার সাদুল্লাপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।

এ সময় পেশাগত দায়িত্ব পালন শেষে ওই পথ দিয়ে ফেরার সময় কয়েকজন স্থানীয় সাংবাদিক বিষয়টি দেখে সন্দেহ করেন। তারা ভ্যানটির পিছু নেন। পরে মিরপুর এলাকার একটি করাতকলে গাছের গুঁড়ি নেওয়া হলে সাংবাদিকদের উপস্থিতি ও প্রশ্নের মুখে পড়েন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুন
5fgdf

হঠাৎ আগুনে পুড়ে ছাই ৩ পরিবারের বসতঘর

পরে সাংবাদিকেরা বিষয়টি তাৎক্ষণিকভাবে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানকে জানান। তার নির্দেশনায় গাছের গুঁড়িগুলো উদ্ধার করে উপজেলা পরিষদে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা সরকারি গাছ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এ ঘটনায় কারা জড়িত এবং কীভাবে সরকারি গাছটি উপজেলা পরিষদে নেওয়ার পরিবর্তে অন্যত্র নেওয়া হচ্ছিল—সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরটিভি/এমএম