বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ০৮:৫৯ পিএম
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর ইউনিয়নের বলেশ্বর নদের মাঝেরচরে বেড়িবাঁধ ভেঙে লোকালয় ও ফসলি জমি প্লাবিত হয়েছে।
গত তিন দিন ধরে ভারী বর্ষণ ও জোয়ারের পানির চাপে চরের ঘাটসংলগ্ন বেড়িবাঁধের ৪০ থেকে ৫০ ফুট অংশ ভেঙে গেছে। এতে চরের প্রায় ১০০ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের মাঝেরচরে ২২০টি পরিবার বসবাস করে। তাদের প্রধান পেশা কৃষিকাজ ও মাছ ধরা। বন্যা ও জোয়ারের পানি থেকে চরের কৃষিজমি রক্ষার জন্য এই বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছিল। সম্প্রতি বলেশ্বর নদের পানি বৃদ্ধি পাওয়ায় পানির চাপে ঘাটসংলগ্ন বেড়িবাঁধের ৪০ থেকে ৫০ ফুট অংশ ভেঙে যায়। এতে চরের ভেতরে পানি ঢুকে ফসলি জমি প্লাবিত হয়েছে। চরের অনেক বাসিন্দা দুটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।
মাঝেরচর এলাকার সিপিপির সদস্য হালিম মোল্লা বলেন, বলেশ্বর নদের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে তিন ফুট বেড়েছে। কিছু বাড়িঘর প্লাবিত হয়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলার বেতমোর ইউনিয়নের প্রশাসক মো. মোজাম্মেল হক বলেন, বেড়িবাঁধ ভেঙে যাওয়ার বিষয়টি আমরা জেনেছি। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।
আরটিভি/টিআর