images

দেশজুড়ে

৮ মুরগির বিক্রির পর খাজনা দাবি ও বিক্রেতাকে মারধর

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ০৯:৫১ পিএম

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে ৮টি মুরগি বিক্রি করে ৩৫০ টাকা খাজনা দিতে না পারায় এক ক্ষুদ্র বিক্রেতাকে মারধর করে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ উঠেছে ইজারাদারের লোকজনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার বাদাঘাট বাজারে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী আবুল কালাম (৬৫) উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের বাসিন্দা।

আবুল কালামের অভিযোগ, তিনি বাড়ি থেকে ৮টি মুরগি বিক্রির জন্য বাদাঘাট বাজারে নিয়ে আসেন। মুরগিগুলো মোট ২ হাজার ৫০০ টাকায় বিক্রি করার পর বাজারের ইজারাদারের লোক পরিচয়দানকারী ময়না শিকদার ও শফিক মিয়া তার কাছে ৩৫০ টাকা ইজারা দাবি করেন। তিনি এত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা তাকে মারধর করেন এবং জোরপূর্বক ৩৫০ টাকা আদায় করে নেন।

আরও পড়ুন
Web-Image12

১৩ লাখ টাকার ভারতীয় ফুচকা জব্দ

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাজারে উপস্থিত লোকজন ক্ষোভ প্রকাশ করেন। পরে স্থানীয় এক স্থানীয় সংবাদকর্মী ফেসবুকে পোস্ট করলে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।

বাদাঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, বিষয়টি শুনেছি। আমি বাজারের ইজারার সঙ্গে জড়িত নই। বাজারের ইজারার দায়িত্বে রয়েছেন সভাপতি নজরুল শিকদার ও চাঁন মিয়া মাস্টার। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

বাজারের ইজারাদারের দায়িত্বে থাকা চাঁন মিয়া মাস্টার বলেন, আমি ঘটনার সময় বাজারে ছিলাম না। বিষয়টি শুনেছি। ফেসবুকে লেখার আগে আমাকে জানালে সঙ্গে সঙ্গে সমাধানের চেষ্টা করতাম। তারপরও আমি বিষয়টি সমাধানের উদ্যোগ নিচ্ছি।

এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেন, বাদাঘাট বাজারে তহশিলদার খাস আদায় করছেন। মুরগি বিক্রেতাকে মারধর করে টাকা আদায়ের অভিযোগটি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএম