শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ১১:২৩ এএম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকায় বন্যার পানিতে আটকা পড়ে প্রসববেদনায় কাতরাচ্ছিলেন মিজবাহুল জান্নাত (২২) নামে এক অন্তঃসত্ত্বা নারী। তিনি ওই এলাকার প্রবাসী রিয়াজ উদ্দিনের স্ত্রী। চারদিকে পানি থাকায় তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছিল না। এমন সংকটময় মুহূর্তে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে লোহাগাড়া ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৭টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। কোথাও বুকসমান, কোথাও হাঁটুসমান পানি পেরিয়ে প্রায় এক কিলোমিটার পথ অতিক্রম করে তারা ওই নারীকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে নিরাপদে হাসপাতালে ভর্তি করা হয়।
প্রসূতির পরিবারের সদস্যরা জানান, বুধবার (৮ জুলাই) দিবাগত রাত ২টার দিকে মিজবাহুলের প্রসববেদনা শুরু হয়। বাড়ি থেকে উপজেলা সদর হাসপাতালের দূরত্ব মাত্র দুই কিলোমিটার হলেও টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে পুরো সড়ক তলিয়ে যাওয়ায় তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছিল না। ঘণ্টার পর ঘণ্টা অসহনীয় যন্ত্রণা সহ্য করার পর বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা লোহাগাড়া ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কোথাও বুকসমান, কোথাও হাঁটুসমান পানি পেরিয়ে স্ট্রেচারে করে তাকে নিরাপদ স্থানে নিয়ে আসে। পরে অ্যাম্বুলেন্সে করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি একটি সুস্থ সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক—উভয়েই সুস্থ আছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, খবর পাওয়ার পরপরই একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় দেড় ঘণ্টার অভিযানের মাধ্যমে প্রসববেদনায় কাতর ওই নারীকে নিরাপদে উদ্ধার করা হয়। আগে থেকেই নিরাপদ স্থানে একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছিল। পানিতে তলিয়ে যাওয়া পথ পেরিয়ে উদ্ধারকারীরা স্ট্রেচারে কাঁধে বহন করে তাকে অ্যাম্বুলেন্সে তোলেন। পরে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
আরটিভি/টিআর