images

দেশজুড়ে

সৌদির সড়কে ঝরল বাংলাদেশি যুবকের প্রাণ

শনিবার, ১১ জুলাই ২০২৬ , ০২:২৯ পিএম

সৌদি আরবের জেদ্দা শহরে সড়ক দুর্ঘটনায় জিহাদ মজুমদার (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।

নিহত জিহাদ মজুমদার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রামপুর এলাকার মৃত ইসহাক মজুমদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান জিহাদ। সেখানে একটি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় শুক্রবার জেদ্দা শহরে একটি সড়কে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের ভাষ্য, পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে আসছিলেন জিহাদ। তার উপার্জনের ওপরই অনেকটা নির্ভরশীল ছিল পরিবার। হঠাৎ এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। এলাকায়ও নেমে এসেছে গভীর শোক।

আরও পড়ুন
Web-Image---Copy

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু

দক্ষিণ রামপুর এলাকার বাসিন্দারা বলেন, জিহাদের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। একইসঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ, বাংলাদেশ দূতাবাস ও জেলা প্রশাসনের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি, যাতে পরিবারের সদস্যরা শেষবারের মতো তাকে দেখতে পারেন এবং নিজ গ্রামের মাটিতে দাফনের ব্যবস্থা করা যায়।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় বলেন, প্রবাসে কোনো বাংলাদেশি নাগরিকের মৃত্যু হলে মরদেহ দেশে আনা এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে সম্পন্ন করা হয়। এ বিষয়ে জেলা প্রশাসনেরও একটি সমন্বয় টিম রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

আরটিভি/এমএইচজে