images

দেশজুড়ে

ভয়াবহ আগুনে ২ অটোরিকশা-মোটরসাইকেলসহ গ্যারেজ পুড়ে ছাই

শনিবার, ১১ জুলাই ২০২৬ , ০৩:৫৯ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি গাড়ি রাখার গ্যারেজসহ ভেতরে থাকা ২টি সিএনজিচালিত অটোরিকশা ও ১টি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার রোসাংগিরী ইউনিয়নের ফারুক চেয়ারম্যানের ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্যারেজটির মালিক স্থানীয় বাসিন্দা নূর আহমদ। দুপুরে হঠাৎ গ্যারেজটিতে আগুন জ্বলে ওঠে এবং মুহূর্তের মধ্যে তা পুরো টিনশেড কাঠামোয় ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। পরে তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন
Web-Image---Copy

মধুমতি থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

স্থানীয়রা জানান, ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে তা আশপাশের বিভিন্ন দালান ও দোকানে ছড়িয়ে পড়ে আরও বড় ধরনের ভয়াবহ রূপ ধারণ করতে পারত। 

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিরঞ্জন কুমার বড়ুয়া বলেন, খবর পেয়ে আমরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। যার ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে। তদন্ত সাপেক্ষে আগুন লাগার সঠিক কারণ জানা যাবে। 

আগুনে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলোর মধ্যে একটি অটোরিকশার মালিক মোহাম্মদ জয়নাব এবং অন্যটির মালিক মোহাম্মদ মজু ইসলাম। এছাড়া পুড়ে যাওয়া মোটরসাইকেলটির মালিক মোহাম্মদ ইয়াকুব বলে জানা গেছে।

আগুনে যানবাহন ও টিনশেডের পুরো গ্যারেজটি পুড়ে যাওয়ায় মালিকদের বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে।


আরটিভি/এমএইচজে