images

দেশজুড়ে

ভোমরা স্থলবন্দর থেকে ডায়মন্ডসহ দুই ভারতীয় নাগরিক আটক

শনিবার, ১১ জুলাই ২০২৬ , ০৬:২৯ পিএম

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ২১৬টি ডায়মন্ডের নাকফুল ও একটি ট্রাকসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার বিকালে বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ বিষয়টি জানানো হয়। এরআগে বৃহস্পতিবার রাতে মালামালসহ ভারতীয় দুই নাগরিককে আটক করা হয়।

আটক ভারতীয় দুই নাগরিক হলেন-ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানার পানিতর গ্রামের সন্তোষ দাসের ছেলে ট্রাক চালক সমরেশ দাস এবং বসিরহাট সদরের মৃত সুধীর মন্ডলের ছেলে রাম মন্ডল।

আরও পড়ুন
47

‘খোকন বাটপার, সারওয়ার আলম ফিরে আসুক সিলেটে’

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত হতে বাংলাদেশে আগমনকারী পণ্যবাহী ট্রাক যোগে ডায়মন্ডের একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা চেকপোস্টে অভিযান চালানো হয়। এসময় ভারত থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ করা হয়। ট্রাকের চালক সমরেশ দাস ও সহযোগী রাম মন্ডলকে আটক করা হয়। জব্দ করা হয় ট্রাকটির নিবন্ধন নম্বর ডব্লিউ বি ৫৯ বি ৯৯১৯।

বিজিবি আরো জানায়, জব্দ ডায়মন্ডের নাক ফুলের মূল্য ৪৫ লাখ ৬২ হাজার টাকা এবং ভারতীয় ট্রাকটির মূল্য ৮৫ লাখ টাকা। জব্দ মালামালের সর্বমোট বাজার মূল্য ১ কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে এসব পণ্য বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল। আটক ভারতীয় ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধ ও সরকারি রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে এই বিজিবি কর্মকর্তা আরো জানান।

আরটিভি/ এসকেডি