images

দেশজুড়ে

নতুন বউ রেখে মালয়েশিয়ায় যান যুবক, অতঃপর...

শনিবার, ১১ জুলাই ২০২৬ , ০৬:২৯ পিএম

ফরিদপুরের সালথায় ঘরে নতুন বউ রেখে মালয়েশিয়ায় যাওয়ার ১০ দিন পরে মো. শোয়াইব বিশ্বাস (২৩) নামের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় শোয়াইবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভগ্নিপতি মো. তুহিন হাসান।

নিহত শোয়াইব ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরুটিয়া গ্রামের মো. শওকত বিশ্বাসের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সেজো।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত এপ্রিলে ছুটিতে দেশে ফেরেন শোয়াইব। পরে মে মাসের শুরুতে পরিবারের পছন্দে বিয়ে করেন। ছুটি শেষে গত ১ জুলাই আবার মালয়েশিয়ায় ফিরে যান। সেখানে জোহর বাহরু শহরের একটি নির্মাণ প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ পাইপ স্থাপনের কাজ করতেন।

শোয়াইবের ভগ্নিপতি তুহিন হাসান জানান, একই প্রতিষ্ঠানে কর্মরত এক বাংলাদেশি সহকর্মী ফোন করে মৃত্যুর সংবাদ দেন। পরে ভিডিও কলে পরিবার বিষয়টি নিশ্চিত হয়। তিনি মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন।

ফরিদপুর জেলা কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ অফিসের সহকারী পরিচালক মো. আশিক সিদ্দিকী বলেন, নিহত কর্মী কোনো কোম্পানির অধীনে কর্মরত থাকলে সাধারণত তারাই দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে মরদেহ পাঠানোর ব্যবস্থা করে থাকে। তবে কোম্পানি থেকে কোনো সহযোগিতা না পেলে নিহতের পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, শোয়াইব যদি বৈধ কর্মী হয়ে থাকেন, তবে মরদেহ দ্রুত দেশে আনার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

আরটিভি/টিআর