শনিবার, ১১ জুলাই ২০২৬ , ০৬:৫৯ পিএম
বাজেট নিয়ে যে বক্তব্য বিরোধীদলের দেওয়ার কথা, সেই বক্তব্য প্রধানমন্ত্রী দিয়েছেন বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (১১ জুলাই) দুপুরে পঞ্চগড় জেলা পরিষদ চত্বরে আয়োজিত জেলা পরিষদের সাইকেল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাজেট পাসের সময় প্রধানমন্ত্রী বলেছেন, কিছু কিছু ক্ষেত্রে ব্যাংক হিসাব (অ্যাকাউন্ট) খোলার সময় অতিরিক্ত কাগজপত্র সংযুক্ত করতে হয়। প্রধানমন্ত্রী অতিরিক্ত কাগজপত্রের এই জটিলতা কমিয়ে সহজে ব্যাংক হিসাব খোলার কথা বলেছেন। এছাড়া বর্তমানে ব্যাংকে তিন লাখ টাকা জমা রাখলে করের আওতায় আসতে হয়, কিন্তু প্রধানমন্ত্রী সংসদে চার লাখ টাকার কথা বলেছেন।
তিনি আরও বলেন, যে দাবিগুলো বিরোধীদলের করার কথা, প্রধানমন্ত্রী সেই দাবিগুলোই বলেছেন। সেদিন প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পর সংসদে এক অভিভূত পরিবেশ সৃষ্টি হয়েছিল। এ সময় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আসন থেকে উঠে এসে প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের জন্য তাঁকে অভিনন্দন জানান। এটাই হচ্ছে বিএনপি, এটাই তারেক রহমানের সরকার।
এ সময় প্রতিমন্ত্রী জেলা প্রশাসন ও দলীয় নেতাদের উদ্দেশে বলেন, সরকারি অনুদান বিতরণের ক্ষেত্রে যেন কোনো ধরনের দলীয় দৃষ্টিভঙ্গি অনুসরণ করা না হয়।
পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোসা. শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, জেলা বিএনপির আহ্বায়ক জাহেরুল ইসলাম কাচ্চুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পরে প্রতিমন্ত্রী দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন, ছাত্রীদের মধ্যে বাইসাইকেল, কমিউনিটি ক্লিনিকের কর্মীদের মধ্যে রক্তচাপ পরিমাপক (বিপি) মেশিন এবং অসহায় ও দরিদ্র নারীদের মধ্যে শাড়ি বিতরণ করেন।
আরটিভি/টিআর