images

দেশজুড়ে

গাজীপুরে পিকআপের ধাক্কায় দম্পত্তির মৃত্যু

শনিবার, ১১ জুলাই ২০২৬ , ০৭:২৬ পিএম

গাজীপুরের শ্রীপুরে পিকআপের ধাক্কায় এক পোশাকশ্রমিক ও তার স্ত্রীর মৃত্যু হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা এক বছরের শিশু আহত হয়।

শনিবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার ২ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিরোজপুর সদর উপজেলার উত্তর রানীপুর গ্রামের সেকান্দর আলী বেপারীর ছেলে রাকিব হাসান (৪২) এবং তার স্ত্রী বিথী আক্তার (৩০)। রাকিব হাসান ২ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় ভাড়া বাসায় থেকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার ডেনিমেক পোশাক কারখানার প্রশাসনিক বিভাগে চাকরি করতেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের এক বছরের শিশুকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, রাকিব হাসান ও তার স্ত্রী বিথী আক্তার তাদের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি পিকআপ তাদের চাপা দিয়ে চলে যায়। এতে একজন ঘটনাস্থলেই নিহত হন এবং অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ সময় তাদের সঙ্গে থাকা এক বছরের শিশু সন্তান গুরুতর আহত হয়।

তিনি আরও জানান, নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে মরদেহের ময়নাতদন্ত করা হবে কি না, সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরটিভি/টিআর