images

দেশজুড়ে

৪০ ঘণ্টা পর মিলল হাওরে নিখোঁজ পর্যটকের মরদেহ

রোববার, ১২ জুলাই ২০২৬ , ১১:৫৯ এএম

কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ৪০ ঘণ্টা পর শফিকুল ইসলাম তুলু (২৮) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোববার (১২ জুলাই) সকালে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকার হাওর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম তুলু গাজীপুরের কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে নৌকা ভ্রমণে নিকলী হাওরে বেড়াতে যান শফিকুল। একপর্যায়ে কাঁঠালিয়া এলাকায় হাওরের পানিতে গোসল করতে নামলে প্রবল স্রোতের টানে তিনি তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন।

খবর পেয়ে নিকলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে তীব্র স্রোত ও অন্ধকার নেমে আসায় প্রথম দিনের অভিযান স্থগিত করা হয়। পরদিন শনিবার সকাল থেকে আবারও অভিযান চালানো হলেও তার কোনো সন্ধান মেলেনি।

রোববার সকালে কাঁঠালিয়া এলাকার হাওরের পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা নিকলী ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন
77

গাজীপুরে রাতভর বৃষ্টি, ভোগান্তি চরমে

নিকলী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এসএস