রোববার, ১২ জুলাই ২০২৬ , ০৭:২২ পিএম
ছোটবেলা থেকেই ব্রাজিলের একনিষ্ঠ ভক্ত মোহাম্মদ আলী। কিন্তু, এবারের বিশ্বকাপে সেলেসাওদের হতাশাজনক পারফরম্যান্সে মন ভেঙে গেছে তার। অন্যদিকে, আর্জেন্টিনা ছুটে চলেছে দুর্বার গতিতে; পৌঁছে গেছে সেমিফাইনালে। এই দেখে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হয়ে গেছেন মোহাম্মদ আলী। আর দল পরিবর্তনের ঘোষণা দিতে গিয়ে দুধ দিয়ে গোসলও করেছেন তিনি।
রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামে। বিষয়টি জানতে পেরে আশপাশের বহু মানুষ ভিড় করেন ঘটনাস্থলে। অনেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, ছোট থেকেই মোহাম্মদ আলী ব্রাজিল দলের একনিষ্ঠ সমর্থক ছিলেন। গত দুই বিশ্বকাপে ব্রাজিলের প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় তিনি হতাশ হয়ে পড়েন। অন্যদিকে, গত আসরের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ধারাবাহিক নৈপুণ্য এবং এবারের টুর্নামেন্টে সেমিফাইনাল নিশ্চিত করার পর দলটির খেলায় তিনি মুগ্ধ হন। এরপরই তিনি দল পরিবর্তনের সিদ্ধান্ত নেন।
দল পরিবর্তনের প্রতীক হিসেবে মোহাম্মদ আলী গ্রামের মানুষের উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করেন এবং পরে আর্জেন্টিনার জার্সি গায়ে তুলে নেন। এ সময় উপস্থিত ব্রাজিল সমর্থকেরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান।
মোহাম্মদ আলী বলেন, ছোট থেকেই ব্রাজিলের সমর্থক ছিলাম। কিন্তু টানা দুই বিশ্বকাপে ব্রাজিল যেভাবে হতাশ করেছে, তাতে আমার মন ভেঙে গেছে। অন্যদিকে আর্জেন্টিনা দারুণ ছন্দে খেলছে। তাদের দলীয় সমন্বয়, লড়াকু মানসিকতা আমাকে মুগ্ধ করেছে। তাই আজ থেকে আমি আর্জেন্টিনার সমর্থক। দুধ দিয়ে গোসল করেছি পুরোনো হতাশা দূর করে নতুনভাবে শুরু করার প্রতীক হিসেবে। আশা করি, আর্জেন্টিনা এবারও শিরোপা জিতবে।
আরটিভি/এসএইচএম