images

দেশজুড়ে

রাঙামাটিতে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির জরুরি ত্রাণ সহায়তা

রোববার, ১২ জুলাই ২০২৬ , ০৭:২৫ পিএম

অতিবৃষ্টি ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাহাড়ধসের কারণে আশ্রয়হীন হয়ে পড়া ও ক্ষতিগ্রস্ত ১৪০টি পরিবারের মধ্যে মানবিক সহায়তা হিসেবে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবি।

রোববার (১২ জুলাই) বিকেল ৪টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটি সদর সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দীক আলম, এসইউপি, পিবিজিএম, পিএসসি এসব ত্রাণসামগ্রী তুলে দেন। তিনি ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন।

কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজে আশ্রয় নেওয়া ১২০ জন অসহায় মানুষের মধ্যে কাপ্তাই ব্যাটালিয়নের পক্ষ থেকে ত্রাণ সহায়তা তুলে দেওয়া হয়। এরপর কর্ণফুলী কলেজসংলগ্ন মিনি স্টেডিয়াম এবং বরইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে থাকা অসহায় মানুষদের মধ্যেও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালসসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় সেক্টর কমান্ডার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। কর্ণফুলী সরকারি কলেজ মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠান শেষে কর্ণফুলী স্টেডিয়ামসংলগ্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের বাড়িতে গিয়ে তাঁদের হাতে ত্রাণ সহায়তা তুলে দেন।

বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দীক আলম বলেন, সাম্প্রতিক টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে রাঙামাটি জেলায় বহু পরিবার পানিবন্দি হয়ে রয়েছে। বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি মহাপরিচালকের নির্দেশে মানবিক সহায়তার অংশ হিসেবে মানুষকে উদ্ধার, ত্রাণ সহায়তা বিতরণ এবং চিকিৎসাসেবা প্রদান করে আসছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আরটিভি/টিআর