রোববার, ১২ জুলাই ২০২৬ , ০৮:৪৫ পিএম
সপ্তাহব্যাপী টানা বৃষ্টিতে পিরোজপুরের মঠবাড়িয়ার কৃষকরা আমনের বীজতলা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। তৈরি করা বীজতলা অতিবর্ষণের পানিতে তলিয়ে থাকায় বীজ নষ্ট হয়ে যাচ্ছে। আবার ক্ষেত পানিতে তলিয়ে থাকায় কৃষকরা নতুন করে বীজতলা তৈরি করতে পারছেন না। ফলে আমন আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
উপজেলা কৃষি দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, আমনের জন্য এখন পর্যন্ত তৈরি করা ৭০০ হেক্টর বীজতলার আংশিক ক্ষতি হয়েছে। একই সঙ্গে পানির নিচে তলিয়ে থাকায় প্রায় ১ হাজার ৯০০ হেক্টর আউশ ফসলও ক্ষতির মুখে রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হলো মিরুখালী, দাউদখালী, টিকিকাটা ও সাপলেজা ইউনিয়নের বিভিন্ন গ্রাম। এছাড়া সবজি, কলা ও পেঁপে ক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়েছে।
নাগ্রাভাঙ্গা গ্রামের কৃষক মো. সোলায়মান ফরাজী জানান, তাঁর প্রায় ৫০ শতক বীজতলা পানির নিচে তলিয়ে আছে। পানি দ্রুত না কমলে বীজতলা ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি জানান।
পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের কৃষক মো. হুমায়ুন কবির জানান, বীজতলা তৈরির জন্য তিনি ১০ কেজি ধান ভিজিয়ে রেখেছেন। কিন্তু ক্ষেত পানির নিচে থাকায় বীজতলা তৈরি করতে পারছেন না। এতে বীজধান পচে যাচ্ছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত বেড়িবাঁধ ও স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে প্রতি বছর বর্ষা মৌসুমে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমি জানান, টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বীজতলা আংশিক ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত তা সহনীয় পর্যায়ে রয়েছে। পানি জমে থাকার পরিস্থিতি আরও ২-৩ দিন স্থায়ী হলে ক্ষতি বাড়বে বলে তিনি জানান। কৃষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে তাদের করণীয় সম্পর্কে পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
আরটিভি/টিআর