images

দেশজুড়ে

টানা বৃষ্টিতে পানির নিচে কুমিল্লা, জলাবদ্ধতায় স্থবির জনজীবন

সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ১১:১৩ এএম

টানা ভারী বর্ষণে পানির নিচে তলিয়ে গেছে কুমিল্লা নগরীর বিস্তীর্ণ এলাকা। মাত্র তিন ঘণ্টার প্রবল বৃষ্টিতেই প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটুসমান, কোথাও কোমরসমান পানি জমে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। বাসাবাড়িতে পানি ঢুকে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের পরিবার, দিনমজুর ও কর্মজীবী মানুষ।

সোমবার (১৩ জুলাই) সকাল থেকে নগরীর অধিকাংশ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। কর্মস্থলে যেতে দীর্ঘ ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ।

জলাবদ্ধতার কারণে এইচএসসি পরীক্ষার্থীদেরও চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এবং কুমিল্লা সরকারি কলেজ পরীক্ষাকেন্দ্রে হাঁটুসমান পানি জমে যায়। অনেক পরীক্ষার্থী পানি মাড়িয়ে, আবার কেউ নৌকায় করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান। অভিভাবকরাও সন্তানদের নিয়ে চরম ভোগান্তির শিকার হন।

আরও পড়ুন
Web-Image7

বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রাণ গেল বজ্রপাতে 

নগরীর জিলা স্কুল সড়ক, পুলিশ লাইনস, রেসকোর্স, চর্থা, ঠাকুরপাড়া, বিসিক শিল্পনগরী, গোবিন্দপুর, মুরাদপুর এবং শহরতলীর ছায়াবিতান এলাকায় সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা গেছে। বিভিন্ন বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও নিচু এলাকায় পানি ঢুকে পড়ায় অনেকের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অনেক স্থানে ড্রেন উপচে ময়লা-আবর্জনাযুক্ত পানি সড়কে ছড়িয়ে পড়ায় জনদুর্ভোগ আরও বেড়ে যায়।

কুমিল্লা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় রেকর্ড হয়েছে ১০৭ মিলিমিটার বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনভর আরও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ফলে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরটিভি/আইএম