images

দেশজুড়ে

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির লায়নফিশ

সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ১২:৪৫ পিএম

পটুয়াখালীর মহিপুরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একজোড়া সামুদ্রিক লায়নফিশ। সোমবার (১৩ জুলাই) সকালে মাছ দুটি মহিপুর মৎস্য বন্দরে আনা হলে তা দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।

জানা যায়, এফবি জাবের নামের একটি মাছ ধরার ট্রলারের মাঝি আসাদ কুয়াকাটা উপকূলের গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় অন্যান্য মাছের সঙ্গে লায়নফিশ দুটি জালে পান। পরে মাছ দুটি মহিপুর মৎস্য বন্দরের মায়ের দোয়া ফিশ আড়তে তোলা হলে ব্যবসায়ী মো. ছগির আকন সেগুলো কিনে নেন। মাছ দুটির মোট ওজন প্রায় ৮০০ গ্রাম।

মাঝি আসাদ জানান, প্রথমে মাছ দুটি চিনতে পারেননি। পরে জানতে পারেন এগুলো বিরল প্রজাতির লায়নফিশ।

স্থানীয় জেলে রহিম মিয়া বলেন, মাছ দুটির গায়ে লাল, সাদা ও বাদামি রঙের ডোরাকাটা দাগ এবং লম্বা কাঁটাযুক্ত পাখনা দেখে তারা বুঝতে পারেন এটি সাধারণ কোনো মাছ নয়।

ক্রেতা মো. ছগির আকন জানান, মাছ দুটি দেখতে আকর্ষণীয় হওয়ায় তিনি সংরক্ষণ করে রেখেছেন। এর আগেও মহিপুর বন্দরে একই ধরনের একটি লায়নফিশ পাওয়া গিয়েছিল। এবারও মাছ দুটি দেখতে বন্দরে অনেক মানুষের ভিড় হয় এবং অনেকে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

এ বিষয়ে ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, লায়নফিশ দেখতে আকর্ষণীয় হলেও এর পাখনার কাঁটায় বিষ থাকে। ওই কাঁটার আঘাতে মানুষের শরীরে তীব্র ব্যথা, ফোলা এবং কখনো শ্বাসকষ্টের মতো জটিলতা দেখা দিতে পারে। তাই খালি হাতে এ মাছ স্পর্শ না করার পরামর্শ দেন তিনি।

তিনি আরও জানান, লায়নফিশ সাধারণত ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর এবং লোহিত সাগরের উষ্ণ উপকূলীয় অঞ্চলে বিচরণ করে। এরা মূলত ছোট মাছ ও চিংড়ি খেয়ে বেঁচে থাকে।

আরও পড়ুন
KUAKATA

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, লায়নফিশের বিষাক্ত কাঁটার কারণে অসাবধানতাবশত আঘাত পেলে গুরুতর শারীরিক সমস্যা হতে পারে। তাই জেলেদের এ ধরনের মাছ খালি হাতে না ধরার জন্য সতর্ক করা হচ্ছে।

আরটিভি/এসকে