সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ০১:৪০ পিএম
পটুয়াখালীর গলাচিপা উপজেলার কোটখালী ফাজিল মাদ্রাসায় অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালে শ্রেণিকক্ষের ছাদ দিয়ে বৃষ্টির পানি পড়ায় ছাতা মাথায় পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
রোববার (১২ জুলাই) অনুষ্ঠিত অর্ধবার্ষিক পরীক্ষার সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, শ্রেণিকক্ষের ছাদ থেকে টপটপ করে বৃষ্টির পানি পড়ছে। এতে কয়েকজন ছাত্রী এক হাতে ছাতা ধরে এবং অন্য হাতে কলম চালিয়ে পরীক্ষা দিচ্ছে। প্রতিকূল পরিবেশের মধ্যেও নির্ধারিত পরীক্ষা শেষ করতে বাধ্য হন তারা।
স্থানীয়দের দাবি, ১৯২৭ সালে প্রতিষ্ঠিত কোটখালী ফাজিল মাদ্রাসার ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে ছাদের বিভিন্ন অংশ দিয়ে পানি চুঁইয়ে পড়ায় শ্রেণিকক্ষে পাঠদান ও পরীক্ষা গ্রহণে চরম ভোগান্তি পোহাতে হয় শিক্ষক-শিক্ষার্থীদের।
এদিকে মাদ্রাসা প্রাঙ্গণে একটি নতুন ভবনের নির্মাণকাজ চললেও ধীরগতির কারণে এখনো তা সম্পন্ন ও হস্তান্তর করা হয়নি। ফলে নতুন ভবনটি ব্যবহার করা সম্ভব না হওয়ায় পুরোনো ঝুঁকিপূর্ণ ভবনেই ক্লাস ও পরীক্ষা নিতে হচ্ছে।
এ ঘটনায় স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন মহল দ্রুত ভবনটির সংস্কার এবং নির্মাণাধীন ভবনের কাজ শেষ করে শিক্ষার উপযোগী পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আরটিভি/এসকে